দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৩:১৫ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে নির্ধারিত নতুন দরেই বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।

গত শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছে। এতে প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা কমেছে।

সমিতি জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়।

নতুন নির্ধারিত দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।

এর আগে ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

তখন ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। এছাড়া গত বছরে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়।

এছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। আর গত বছরে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

এনএফ৭১/একে



বিষয়:



Top