আবারও বাড়ল ফার্নেস অয়েলের দাম, লিটারে বৃদ্ধি ১৮ টাকা ৮৫ পয়সা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:০৩ এএম
দেশে আবারও বাড়ানো হয়েছে ফার্নেস অয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য সোমবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
সোমবার (১৮ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। মাত্র এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ায় শিল্প ও বিদ্যুৎ খাতে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিইআরসি জানায়, ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে বিশেষ কমিশন সভায় নতুন দামের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে আমদানি করা ফার্নেস অয়েলের বড় একটি অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ফলে এ জ্বালানির দাম বাড়লে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয়ও বাড়বে, যা ভবিষ্যতে বিদ্যুতের দামের ওপর প্রভাব ফেলতে পারে।
বিষয়:
