দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০২:৪৮ পিএম
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সবশেষ সমন্বয়ের পর আজ সোমবার (১৮ মে) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।
গত শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা কমানো হয়।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
এর আগে গত ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত ৩৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
