স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪ হাজারের বেশি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:২০ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন সিদ্ধান্তে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়েছে। এতে নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

শনিবার সকালে সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ১৫ মে সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। গত বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। গত বছর মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

এনএফ৭১/একে



বিষয়:



Top