দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত কমলো?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৪:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে গত ৭ মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top