স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০২:৩৪ এএম

ছবি: সংগৃহীত
 

 

রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, যারা এখনো মূলধারার অর্থনীতির বাইরে রয়েছে, তাদেরকে সেই মূলধারায় নিয়ে আসা সরকারের দায়িত্ব। এটি নাগরিক অধিকারও বটে। অর্থনীতিকে সবার জন্য উন্মুক্ত করতে হবে।

অর্থমন্ত্রী আরও জানান, যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। সেই মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হবে না। পিকেএসএফের কার্যক্রম প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়টি সরকার বিবেচনা করছে।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার ব্যয় আফগানিস্তানের চেয়েও বেশি—এটি দুঃখজনক। আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বাড়ানো হবে এবং সেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা বা জনসংখ্যাগত সুবিধা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি। সরকার এই সুযোগকে কাজে লাগাতে চায়।

হস্তশিল্প, সংস্কৃতি ও বিনোদন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, শীতলপাটিসহ ঐতিহ্যবাহী পণ্য আন্তর্জাতিক বাজারে যথাযথ অবস্থান পায়নি। সঠিক নকশা ও আধুনিক বিপণন কৌশল ছাড়া পণ্যের মূল্য বৃদ্ধি সম্ভব নয়।

সংস্কৃতি ও বিনোদন খাত নিয়েও তিনি মন্তব্য করেন, পরিকল্পিত বিনিয়োগের অভাবে এসব খাত আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারছে না। একইভাবে খেলাধুলাকেও অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে আরও গুরুত্ব দেওয়া উচিত বলে তিনি মত দেন।

নারীদের ভূমিকার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তারা পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সঞ্চয়ের ক্ষেত্রেও দক্ষ। তাই নারী ও কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

 
 
 


বিষয়:



Top