দেশে ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। ১২ কেজি সিলিন্ডারের মূল্য এক লাফে ২১২ টাকা বাড়িয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে চলতি মাসের ২ এপ্রিল এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। ফলে মাত্র ১৮ দিনের ব্যবধানে আবারও ২১২ টাকা বেড়ে গেল এই জ্বালানির দাম।
চলতি এপ্রিলের শুরুতেই ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল, যা ছিল ৩৮৭ টাকার বৃদ্ধি। এর পরপরই দ্বিতীয় দফায় নতুন করে দাম বাড়ানো হলো।
সবশেষ সমন্বয়ে প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে প্রতি কেজিতে বৃদ্ধি হয়েছিল ৩২ টাকা ৩০ পয়সা।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজি আমদানির জাহাজভাড়া, ট্রেডারের প্রিমিয়াম চার্জ এবং ডিজেলের মূল্য পরিবর্তনের প্রভাব বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে।