আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন আজকের বাজারদর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৯:২৭ এএম
ঈদকে সামনে রেখে স্বর্ণ ও রুপা ক্রেতাদের জন্য সুখবর এসেছে। সর্বশেষ সমন্বয়ে দেশের বাজারে আরও কমানো হয়েছে মূল্যবান এই দুই ধাতুর দাম। আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে নতুন দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।
গত শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা এবং রুপার দাম ২৯২ টাকা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায়।
এর আগে ১৩ মার্চ স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায় বিক্রি হচ্ছিল।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৪৩ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বেড়েছে এবং ১৭ দফা কমেছে। আর গত বছরে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছরে রুপার দাম এখন পর্যন্ত ২৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ দফা বেড়েছে এবং ১১ দফা কমেছে। আর গত বছরে মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বার দাম বেড়েছিল, কমেছিল ৩ বার।
এনএফ৭১/একে
বিষয়:
