হরমুজ সংকটের মধ্যেও জ্বালানি সরবরাহে আশার খবর

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১১:৫৮ এএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির উত্তেজনার মধ্যে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তার সময় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী আটটি জাহাজ।

রোববার (৮ মার্চ) সকালে জাহাজগুলো বন্দরে নোঙর করে। জানা গেছে, এসব জাহাজ ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারস্য উপসাগরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট দশটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এর মধ্যে আটটি ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে এবং বাকি জাহাজগুলো পথে রয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, এসব জাহাজের মধ্যে চারটিতে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। এছাড়া ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে এসেছে আরও কয়েকটি জাহাজ। সব মিলিয়ে দশটি জাহাজে প্রায় পৌনে চার লাখ টন তেল ও গ্যাস রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার পর হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বৃদ্ধি পায়। এতে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ ঝুঁকির মুখে পড়েছে।

হরমুজ প্রণালি ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের জ্বালানি ও পণ্য পরিবহন হয়ে থাকে। বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলের সমুদ্রপথে পরিবহন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ইতোমধ্যে জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বলে জানা গেছে।

 


বিষয়:



Top