ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
Nasir Uddin | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৫, ০২:১৪ পিএম
বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট (মূল্য সংযোজন কর) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও নিত্যপণ্যের দামের ওপর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ৪৩ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের কষ্ট হবে না। তিন তারকা মানের ওপরের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। সাধারণ মানের হোটেল-রেস্তোরাঁর ক্ষেত্রে কর বাড়ানো হয়নি।
নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে জানিয়ে উপদেষ্টা বলেন, ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হবে। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে।
