হজে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৩:৫১ পিএম

সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩০ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজী দেশে ফিরেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, চলতি হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানকালে এখন পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের মধ্যে ২৭ জন পবিত্র মক্কায় এবং ১০ জন মদিনায় ইন্তেকাল করেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে হাজিদের ফিরতি ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। প্রথম ফিরতি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজী নিয়ে একটি বিমান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। পরে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে ফেরা মোট ৬ হাজার ১৭৫ হাজীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজী।

ফিরতি ১৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট উড্ডয়ন করে ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।

হজ শেষে হাজিদের দেশে ফেরার কার্যক্রম ৩০ মে শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top