অদৃশ্য নিয়ন্ত্রণে লাখো হাজির ভিড়ে সবকিছু সুশৃঙ্খল থাকে যেভাবে

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০১:৫৮ পিএম

সংগৃহীত

পবিত্র হজে কয়েক মিলিয়ন মানুষের চলাচল একসঙ্গে পরিচালনা করা হয় খুব অল্প সময়ের মধ্যে। বাইরে থেকে পুরো ব্যবস্থাপনাকে শৃঙ্খলাবদ্ধ ও মসৃণ মনে হলেও বাস্তবে এর পেছনে থাকে অসংখ্য ছোট ছোট দ্রুত সিদ্ধান্ত, যা মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে দেয়।

এসব সিদ্ধান্তের মধ্যে থাকে কোনো দলকে ভিন্ন পথে সরিয়ে দেওয়া, একটি পথ সাময়িকভাবে বন্ধ করা বা হঠাৎ ভিড়ের চাপ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে আনা। অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো নির্ভর করে মাত্র কয়েক সেকেন্ডের পদক্ষেপের ওপর।

এক ২৭ বছর বয়সী স্বেচ্ছাসেবক আবদুল্লাহ আল-মুতাইরি জানান, মিনার কাছে এক হজ মৌসুমে হঠাৎ ভিড়ের চাপ বাড়তে শুরু করলে তারা দ্রুত একটি বিকল্প পথে মানুষকে সরিয়ে নেন। তিনি বলেন, পরিস্থিতি বুঝতে দেরি হলে ভিড় নিয়ন্ত্রণ কঠিন হয়ে যেত।

তিনি আরও জানান, কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং সাধারণ হাজিদের কাছে বিষয়টি স্বাভাবিক পথ পরিবর্তনের মতোই মনে হয়েছিল।

হজে ভিড় ব্যবস্থাপনায় কাজ করা রায়ান আল-শরিফ বলেন, চাপের মধ্যে মানুষের আচরণ দ্রুত পরিবর্তিত হয়। সাধারণ পরিস্থিতিতে ছোট ঘটনা বড় প্রভাব ফেলে না, কিন্তু হজে সেটিই বড় সমস্যার কারণ হতে পারে।

মাঠপর্যায়ের কর্মীরা তীব্র গরম, ক্লান্তি ও নিরবচ্ছিন্ন চাপের মধ্যেও পর্যবেক্ষণ ও দ্রুত যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি সামাল দেন। অনেক সময় সিদ্ধান্ত আগে নিতে হয়, পরে ব্যাখ্যা দেওয়া হয়।

হাজিদের অভিজ্ঞতায় এসব পরিবর্তন কখনও বিভ্রান্তিকর মনে হলেও পরে বোঝা যায় যে এগুলো ছিল নিরাপত্তার জন্য নেওয়া পদক্ষেপ।

এক হাজি নূর সাঈদ বলেন, হঠাৎ পথ পরিবর্তনের কারণ প্রথমে বোঝা না গেলেও পরে জানা যায়, অতিরিক্ত ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরেক হাজি মোহাম্মদ আল-জাহরানি বলেন, ব্যাখ্যার অভাবে অনেক সময় উদ্বেগ তৈরি হলেও ছোট একটি নির্দেশনাও পরিস্থিতি সহজ করতে পারে।

হজে কাজ করা স্বেচ্ছাসেবক রহমা আল-আমরি জানান, অনেক সময় হারিয়ে যাওয়া বা বিভ্রান্ত হাজিদের শান্ত করা ও সঠিক পথে ফেরানোই মূল দায়িত্ব হয়ে দাঁড়ায়।

মাঠপর্যায়ের কর্মীদের মতে, হজ ব্যবস্থাপনা শুধু পরিকল্পনা বা প্রযুক্তির ওপর নির্ভর করে না; বরং তাৎক্ষণিক মানবিক সিদ্ধান্তও সমান গুরুত্বপূর্ণ।

এই অদৃশ্য সমন্বয়ের মাধ্যমেই হজের মতো বিশাল জনসমাগম নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top