হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হলো হাজিদের দেশে ফেরা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৯:৫৭ এএম
তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এ বছরের হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন হাজিরা। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার রাত থেকেই সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার যাত্রা শুরু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইট বাংলাদেশে ছেড়ে আসে। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৫৮০৬-এর মাধ্যমে চলতি বছরের হজযাত্রীদের ফিরতি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
এর আগে গত ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের জন্য তাঁবু ভাড়া, আবাসন, পরিবহন চুক্তি, ভিসা প্রক্রিয়াসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। পাশাপাশি হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
মন্ত্রণালয়ের দাবি, সময়মতো সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় কোনো বড় ধরনের সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে যাত্রা করতে সক্ষম হয়েছেন এবং সফলভাবে হজ পালন করেছেন।
এদিকে হজ শেষে প্রিয়জনদের কাছে ফিরতে শুরু করায় দেশের বিভিন্ন বিমানবন্দরে স্বজনদের অপেক্ষার প্রহরও শেষ হতে যাচ্ছে। আগামী এক মাসজুড়ে ধাপে ধাপে দেশে ফিরবেন চলতি বছরের হজযাত্রীরা।
এনএফ৭১/ওতু
বিষয়:
