মিনায় শয়তানকে পাথর নিক্ষেপে ব্যস্ত হাজিরা
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১০:০০ এএম
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হিসেবে বুধবার (২৭ মে) মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা। মঙ্গলবার আরাফাতের ময়দানে অবস্থান ও রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপনের পর তারা মিনায় পৌঁছান।
বুধবার ভোর থেকেই হাজিরা জামারাতের তিনটি স্তম্ভ লক্ষ্য করে ছোট ছোট পাথর নিক্ষেপ শুরু করেন। ধর্মীয় বিধান অনুযায়ী, ১১, ১২ ও ১৩ জিলহজ পর্যন্ত তিন দিন ধরে হাজিরা আল-উলা (ছোট), আল-উস্তা (মাঝারি) ও আল-আকাবা (বড়) শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ করবেন।
মুজদালিফা থেকে সংগ্রহ করা ছোট পাথর দিয়েই এই আনুষ্ঠানিকতা পালন করছেন তারা।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মীয় রীতি অনুযায়ী, সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করছেন।
হজের পরবর্তী ধাপে বৃহস্পতিবার হাজিরা মাথা মুণ্ডন বা চুল কাটার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরপর তারা মক্কার কাবা শরিফে ফিরে গিয়ে তাওয়াফ সম্পন্ন করবেন। পরে আবারও শয়তানকে পাথর নিক্ষেপ এবং শেষ তাওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।
উল্লেখ্য, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালনে অংশ নিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
