৪১৯ হজযাত্রী নিয়ে দেশে ফিরল প্রথম ফিরতি হজ ফ্লাইট
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:১৪ পিএম
পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে প্রথম ফিরতি ফ্লাইটটি। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে হাজীদের দেশে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজী। তাদের স্বাগত জানাতে বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। অবতরণের পর প্রত্যেক হজযাত্রীকে ৫ লিটার করে জমজমের পানি প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
