‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা, মিনায় সমবেত হচ্ছেন লাখো হাজি
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:৩১ এএম
সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সোমবার ভোর থেকেই মক্কা নগরী মুখরিত হয়ে ওঠে হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি এখন সমবেত হচ্ছেন তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনা প্রান্তরে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর কার্যক্রম চলবে।
হজের নিয়ম অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। ইসলামি পরিভাষায় এ দিনটি ‘ইয়াওমুত তারভিয়া’ নামে পরিচিত। সৌদি হজ কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের অনেক হাজি আগেভাগেই মিনায় পৌঁছে গেছেন।
এরপর ৯ জিলহজ হাজিরা রওনা হবেন আরাফাত ময়দানের উদ্দেশে। সেখানে তারা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। ইসলামে এই অবস্থানকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হিসেবে গণ্য করা হয়।
সূর্যাস্তের পর হাজিরারা যাবেন মুজদালিফা প্রান্তরে। সেখানে রাতযাপন শেষে পরদিন আবার মিনায় ফিরে শয়তানকে কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি ও মাথা মুণ্ডনের মতো গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করবেন।
এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ লাখ মুসলমান হজে অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজারের বেশি হজযাত্রী পবিত্র এই ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
