এক সপ্তাহে ৮ হাজার প্রবাসীকে দেশে ফেরত পাঠাল সৌদি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ এএম
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে ৭ হাজার ৯৮৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার ৭০০ জনের বেশি প্রবাসীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৮৯৯ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৮৪ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং ১ হাজার ৭৪২ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়ার এবং ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৪ জনকে আটক করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহে ১৪ হাজার ২৬৮ জনকে ভ্রমণ অনুমতিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। একই সময়ে ১ হাজার ২৪০ জনের দেশে ফেরার প্রয়োজনীয় অনুমতিপত্রের কাজ সম্পন্ন করা হয়েছে।
এদিকে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা নিয়োগের মাধ্যমে আইন লঙ্ঘনে সহায়তার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী অভিবাসন ও শ্রম আইন সংক্রান্ত মামলার আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সতর্কবার্তায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসীদের সহায়তা করতে গিয়ে কেউ ধরা পড়লে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটিরও বেশি টাকা। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ করার বিধানও রয়েছে। সূত্র: গালফ নিউজ
এনএফ৭১/একে
বিষয়:
