মঙ্গলবার দেশে পৌঁছাবে ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৩:২১ পিএম
ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের মরদেহ আগামী মঙ্গলবার রাতে দেশে পৌঁছাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। পরে বিশেষ হিমায়িত অ্যাম্বুলেন্সে করে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায়।
নিহতরা হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহিদ। তারা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা ওমানে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন।
চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান, মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম প্রায় শেষ হয়েছে। ওমান সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুততার সঙ্গে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় চার ভাইয়ের মরদেহ পরিবহনের সম্পূর্ণ খরচ বহন করা হচ্ছে। এছাড়া হাসপাতালের হিমঘর বিল, কাফনের কাপড়, গোসল ও দাফনের প্রস্তুতিসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করছে ওমান চট্টগ্রাম সমিতি। এ জন্য নিহতদের পরিবারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। একই ফ্লাইটে দেশে ফিরবেন নিহতদের স্বজন মোহাম্মদ ফজলুল হক।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিশেষ হিমায়িত অ্যাম্বুলেন্সে মরদেহ সরাসরি গ্রামের বাড়িতে নেওয়া হবে। বুধবার সকালেই মরদেহ বাড়িতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
নিহতদের একমাত্র জীবিত ভাই এনাম জানান, পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খননের প্রস্তুতি চলছে। তবে এই হৃদয়বিদারক মৃত্যুর খবর এখনো পুরোপুরি জানানো হয়নি তাদের অসুস্থ বৃদ্ধা মাকে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ওমানের মুলাদ্দাহ এলাকায় কেনাকাটা শেষে একটি ক্লিনিকের সামনে পার্কিং করা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন চার ভাই। ধারণা করা হচ্ছে, গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।
পাঁচ ভাইয়ের সংসারে দুইজন ছিলেন বিবাহিত। বাকি তিনজনের মধ্যে দুই ভাইয়ের বিয়ের প্রস্তুতিও প্রায় শেষ হয়েছিল। কিন্তু প্রবাসের মাটিতে এক রাতেই শেষ হয়ে যায় তাদের সব স্বপ্ন।
চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো রাঙ্গুনিয়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এনএফ৭১/একে
বিষয়:
