মালয়েশিয়ায় ৫ নারীকে শ্লীলতাহানির দায়ে বাংলাদেশির সাজা বেড়ে তিনগুণ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৯:৪২ পিএম
মালয়েশিয়ায় পাঁচ নারীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি নির্মাণ শ্রমিক রমজান আলীর কারাদণ্ড বাড়িয়ে ১৮ মাস করেছেন দেশটির উচ্চ আদালত। আগে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত।
বুধবার এক পুনর্বিবেচনা শুনানি শেষে বিচারপতি আসলাম জাইনুদ্দিন এই রায় ঘোষণা করেন।
একইসঙ্গে আসামির বিরুদ্ধে বেত্রাঘাতের আদেশ এবং নিম্ন আদালতের দেওয়া ১৫ হাজার ১০০ রিঙ্গিত জরিমানাও বহাল রাখা হয়েছে। আদালত জানান, এই সাজা তার গ্রেপ্তারের দিন ২৭ এপ্রিল থেকে কার্যকর হিসেবে গণ্য হবে।
মামলার তথ্যমতে, গত ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে কুয়ালালামপুরের বিভিন্ন এমআরটি ও এলআরটি স্টেশনে চারজন মালয়েশীয় নারী ও এক জার্মান পর্যটককে যৌন হেনস্তা করেন রমজান আলী।
গত সপ্তাহে ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় তিনি নিজের অপরাধ স্বীকার করেন। পরে আদালত তাকে তিন সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা দেন। তবে উচ্চ আদালত সেই সাজাকে অপর্যাপ্ত বলে মনে করে শাস্তির মেয়াদ বাড়ান।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদা নুরদিনী বাহরুম বলেন, যৌন হেনস্তা অত্যন্ত গুরুতর অপরাধ। তাই এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রেদজুয়ান ইব্রাহিম সাজা বৃদ্ধি না করার আবেদন জানান। তিনি বলেন, দ্রুত সাজা শেষ করে যাতে আসামি নিজ দেশে ফিরতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।
তবে আদালত ভুক্তভোগীদের নিরাপত্তা এবং অপরাধের গুরুত্ব বিবেচনা করে কারাদণ্ড বাড়ানোর সিদ্ধান্ত দেন।
এনএফ৭১/একে
বিষয়:
