মালয়েশিয়ায় বাংলাদেশি ইউটিউবার নিহত: মৃত্যুদণ্ড হতে পারে অভিযুক্ত সেনাসদস্যের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ০৩:৫৪ এএম

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ কনটেন্ট নির্মাতা মুজাহিদ মিল্লাদ (২২) নিহতের ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়েছে। অভিযুক্ত ৩১ বছর বয়সী জাদ ফায়াদ আরহান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আর্টিলারি বিভাগে কর্মরত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা গঠন করা হয়। অভিযোগ শুনে তিনি সম্মতি জানান। দোষ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড অথবা সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ডের পাশাপাশি বেত্রাঘাতের শাস্তি হতে পারে।

জানা যায়, গত ২৩ এপ্রিল কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে একটি ভাড়ায় চালিত গাড়িতে ছিলেন মুজাহিদ মিল্লাদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মারা যান।

মামলাটি উচ্চ আদালতের এখতিয়ারভুক্ত হওয়ায় ম্যাজিস্ট্রেট আদালতে তাৎক্ষণিকভাবে কোনো স্বীকারোক্তি গ্রহণ করা হয়নি।

এদিকে, একই ঘটনার জেরে ট্রাফিক আদালতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে আরও দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এতে গাড়িচালক ও নিহতের স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা গুরুতর আহত হন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, যেখানে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

তবে ট্রাফিক সংক্রান্ত অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত সেনা কর্মকর্তা।

আদালত তার জামিন আবেদন নাকচ করে আগামী ২১ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বর্তমানে তাকে বিচারিক হেফাজতে রাখা হয়েছে।

ঘটনাটি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে দায়িত্বশীল একটি পেশায় থাকা ব্যক্তির মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও প্রাণহানির ঘটনায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top