ইতালিতে শিশু সন্তানের সামনে বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:০৯ এএম
ইতালির ভেনিসে একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকার সুযোগ নিয়ে এক বাংলাদেশি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তিন মাস বয়সী শিশু সন্তানের জননী ওই নারী ঘটনার বিচার চেয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ইতালির আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
ইতালির স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, গত শনিবার নবজাতক সন্তানের মা এক বাংলাদেশি নারী পুলিশের কাছে অভিযোগ করেন, একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক ব্যক্তি তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। অভিযুক্ত ব্যক্তি ওই পরিবারের সঙ্গে একই বাসায় সাবলেট হিসেবে থাকতেন।
অভিযোগে বলা হয়েছে, স্বামীর সাময়িক অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই ব্যক্তি নারীর ইচ্ছার বিরুদ্ধে এ ঘটনা ঘটান। এ সময় নবজাতক শিশুটিও সেখানে উপস্থিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেন। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ভেনিসের কারাবিনিয়ানি বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
কারাবিনিয়ানি জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেহেতু ঘটনাটি একটি আবাসিক ভবনের ভেতরে ঘটেছে, তাই তদন্তে কিছুটা সময় লাগতে পারে। বর্তমানে ফরেনসিক পরীক্ষা ও অন্যান্য প্রযুক্তিগত বিশ্লেষণ চলছে।
ঘটনার পর ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। চিকিৎসাসংক্রান্ত নথিপত্র তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
এদিকে ঘটনাটি ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
ইতালিতে যৌন সহিংসতা সংক্রান্ত ২০২৪ সালের স্বাস্থ্যবিধি অনুযায়ী, এ ধরনের ঘটনায় জরুরি বিভাগ, নারীরোগ বিভাগ, ফরেনসিক বিভাগ ও সংক্রামক রোগ বিভাগ সমন্বিতভাবে কাজ করে থাকে। পাশাপাশি ভুক্তভোগীর পরিচয় ও চিকিৎসাসংক্রান্ত তথ্য কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়।
এনএফ৭১/একে
বিষয়:
