কানাডার বিশ্বকাপ মঞ্চে ঝড় তুললেন নোরা ফাতেহি ও ডিজে সঞ্জয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
কানাডার ফুটবল ইতিহাসে স্মরণীয় এক দিনের সাক্ষী হলো দেশটির ক্রীড়াপ্রেমীরা। প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন উপলক্ষে টরন্টোর একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। সংগীত, নৃত্য, আলো ও সংস্কৃতির সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ছড়িয়ে পড়ে বিশ্বকাপের উৎসবমুখর আবহ।
যৌথ আয়োজক দেশ হিসেবে কানাডার প্রথম ম্যাচের আগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজারো দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনার সমর্থকরাও। অনুষ্ঠানের শুরুতে কানাডার আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। ঐতিহ্যবাহী গান ও নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় তাদের ইতিহাস ও ঐতিহ্য।
অনুষ্ঠানে একে একে অংশ নেন দেশি-বিদেশি খ্যাতিমান শিল্পীরা। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে বলিউড তারকা নোরা ফাতেহি, ফরাসি সংগীতশিল্পী ভেগেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী ও ডিজে সঞ্জয়ের যৌথ পরিবেশনা। প্রাণবন্ত নৃত্য, মনোমুগ্ধকর আলোকসজ্জা ও ছন্দময় সংগীতের মাধ্যমে তারা দর্শকদের মুগ্ধ করেন।
বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়ের উপস্থিতি প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। তার পরিবেশনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণে পরিণত হয়।
বিশ্বকাপের সরকারি গান পরিবেশন করেন নোরা ফাতেহি। তার নৃত্য ও মঞ্চসঞ্চালনা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। এর পাশাপাশি আরও কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে।
বিশ্বকাপের প্রতিপাদ্য, আধুনিক আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন দৃশ্যায়নে সাজানো পুরো আয়োজনজুড়ে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হয়। বিভিন্ন জাতি ও সংস্কৃতির শিল্পীদের অংশগ্রহণে ঐক্য, বৈচিত্র্য এবং ফুটবলের বিশ্বজনীন বন্ধনের বার্তা দেওয়া হয়।
এদিকে টরন্টো শহরের বিভিন্ন স্থানেও ছিল বিশ্বকাপকে ঘিরে উৎসবের আমেজ। দিনভর সমর্থকদের ভিড়, ফুটবল খেলা, ছবি তোলা এবং নানা আয়োজনে মুখর ছিল পুরো শহর।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশের মর্যাদা পাওয়া কানাডা নিজেদের প্রথম ম্যাচের আগে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের উন্মাদনাকে নতুন মাত্রা দিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়: ফুটবল বিশ্বকাপ ২০২৬
