আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচের মাইলফলকে ফুটবল জাদুকর লিওনেল মেসি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১০:৪৮ পিএম
ফুটবল ইতিহাসে আরেকটি অনন্য মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামলেই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের ২০০তম ম্যাচ পূর্ণ করবেন এই বিশ্বজয়ী তারকা।
দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে খেলে আসা মেসির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের ১৭ আগস্ট, হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে। তবে সেই অভিষেক ছিল তার জন্য খুবই দুর্ভাগ্যজনক—মাঠে নেমে মাত্র ২৫ মিনিট খেলেই লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়।
সেই কঠিন শুরু পেরিয়ে আজ তিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন। এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে মেসি করেছেন ১১৭ গোল এবং ৬৪ অ্যাসিস্ট।
দীর্ঘ এই পথচলায় তিনি জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ, দুইবার কোপা আমেরিকা এবং ফিনালিসিমা শিরোপা।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বড় অংশজুড়ে রয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব, যেখানে তিনি ৭২ ম্যাচে ৩৬ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে খেলেছেন ২৬টি ম্যাচ এবং কোপা আমেরিকায় ৩৯টি ম্যাচ।
বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যার ম্যাচ সংখ্যা ২২৮। তবে মেসির ২০০তম ম্যাচের মাইলফলক এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে ফুটবল বিশ্বে।
সবশেষে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে মেসি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। ফলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চললেও ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন এই মহাতারকার নতুন ইতিহাস লেখার মুহূর্তের জন্য।
বিষয়: ফুটবল বিশ্বকাপ ২০২৬
