বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে পরাজয় এড়িয়ে পয়েন্ট অর্জন করেছে কানাডা। শুক্রবার টরেন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট তুলে নেয় উত্তর আমেরিকার দেশটি।

ম্যাচের ২১তম মিনিটে কর্ণার থেকে পাওয়া বল হেডে জালে জড়িয়ে বসনিয়াকে এগিয়ে দেন জোভো লুকিচ। তার গোলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বসনিয়া।

বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় কানাডা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে স্বাগতিকরা। অবশেষে ম্যাচের ৭৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।

শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

এর আগে দুটি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ছয়টি ম্যাচ খেলেও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি কানাডা। প্রতিটি ম্যাচেই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল দলটিকে। তবে বসনিয়ার বিপক্ষে ড্র করে সেই হতাশার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জন করল কানাডা।

আগামী ১৯ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের মুখোমুখি হবে কানাডা। একই দিনে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বসনিয়া।

এনএফ৭১/একে





Top