খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’-এর মালিক সোহাগ মৃধা গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:৩৫ এএম

ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে আলোচিত ষাঁড় উপহার দিয়ে পরিচিতি পাওয়া সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোহাগ মৃধা আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক মো. কাওসার আহমেদ।

পুলিশ জানিয়েছে, সোহাগ মৃধার বিরুদ্ধে মারামারি ও অশ্লীলতা সংক্রান্ত আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি প্রধান আসামি এবং অন্য মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান জানান, দুটি মামলায় গ্রেপ্তারের পর সোহাগ মৃধাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে সোহাগ মৃধার পরিবারের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। তাদের ভাষ্য, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উল্টো তাকে হয়রানি করা হচ্ছে। সোহাগ মৃধা জানান, গত ১০ জানুয়ারি তার মাকে মারধরের অভিযোগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে প্রতিপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

এদিকে সোহাগ মৃধার মা রিনা বেগমও তার ছেলে ও মেয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, এর আগেও একাধিকবার তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোহাগ মৃধা কয়েক বছর আগে একটি গাভী কিনেছিলেন। সেই গাভীর বাচ্চা হিসেবেই জন্ম নেয় ‘কালো মানিক’। দীর্ঘদিনের পরিচর্যায় বড় হওয়া ষাঁড়টি আকার-আকৃতি ও ওজনের কারণে এলাকায় ব্যাপক পরিচিতি পায়।

২০২৪ সালের ৫ জুন তিনি ‘কালো মানিক’ বেগম খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে গুলশানের বাসভবনে নিয়ে যান। পরে সেটি তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সাম্প্রতিক কোরবানির ঈদের আগে রাজধানীর দিয়াবাড়ির পশুর হাটে ‘কালো মানিক’ বিক্রির জন্য নিয়ে গেলে সেটি এক শিল্পপতি কিনে নেন। এরপর আবারও আলোচনায় আসেন সোহাগ মৃধা।

এনএফ৭১/একে



বিষয়:



Top