১৩ হাজার ২২১ মামলা

চার মাসে ১১৪২ হত্যা, বাড়ছে অপরাধের গ্রাফ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

সারাদেশে খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চুরি এবং নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাসে দেশে হত্যা হয়েছে এক হাজার ১৪২টি। একই সময়ে পাঁচ ধরনের অপরাধে দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে মোট ১৩ হাজার ২২১টি।

পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতি মাসে গড়ে তিন হাজার ৩০৫টি এবং প্রতিদিন প্রায় ১১০টি মামলা হয়েছে। অপরাধ বিশ্লেষকদের মতে, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অর্থনৈতিক অস্থিরতা, পারিবারিক বিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্রুত পদক্ষেপের ঘাটতির কারণে অপরাধ বাড়ছে।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, অধিকাংশ হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। অনেক ঘটনায় আসামিরা গ্রেপ্তারও হয়নি।

সম্প্রতি রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা করা হয়। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, টিটন হত্যাকাণ্ডের তদন্ত চলছে। খুনিদের গতিবিধি শনাক্ত করা হয়েছে এবং একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে তদন্ত এগোচ্ছে।

অন্যদিকে, বরিশালে মাছ ব্যবসায়ী বাবু শিকদারকে কুপিয়ে হত্যা, রাজবাড়ীর গোয়ালন্দে পুঁতে রাখা মা-মেয়ের লাশ উদ্ধার এবং গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার মতো ঘটনাগুলো দেশজুড়ে আতঙ্ক বাড়িয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রযুক্তি, সিসিটিভি নজরদারি, টহল বৃদ্ধি ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে সংঘবদ্ধ ও নতুন ধরনের অপরাধ মোকাবেলায় সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, আইন প্রয়োগ করতে গিয়ে বিভিন্ন স্থানে পুলিশ হামলার শিকার হচ্ছে। তাই নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চার মাসে, হত্যা মামলা হয়েছে: ১১৪২টি, দস্যুতার মামলা: ৫৯১টি, ডাকাতির মামলা: ১৮৪টি, চুরি-ছিনতাই মামলা: ৪০৯৯টি, অপহরণ মামলা: ৩৪৭টি, নারী ও শিশু নির্যাতন মামলা: ৫৯৯৮টি।

সবচেয়ে বেশি মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনায়। প্রতিদিন গড়ে ৫০টির বেশি মামলা হয়েছে এই অপরাধে।

পুলিশের পরিসংখ্যান বলছে, গত বছর দেশজুড়ে মোট মামলা হয়েছিল এক লাখ ৮১ হাজার ৭৩৭টি। প্রতি মাসে গড়ে মামলা ছিল ১৫ হাজার ১৪৫টি।

টাঙ্গাইলের মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. উমর ফারুক বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অপরাধীরা আগের মতোই সক্রিয় রয়েছে।

 

সুত্র: কালের কন্ঠ



বিষয়:



Top