কোরবানির মাংস কাটার ভিডিও ভাইরাল, তাহলে কি ধর্ম পরিবর্তন করলেন আপু বিশ্বাস

মিঠূ মুরাদ | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় কোরবানির মাংস কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এদিকে ধর্ম পরিবর্তন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনেরও ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বাংলা চলচ্চিত্রের এই অভিনেত্রী জানান, শাকিব খানকে বিয়ে করলেও তিনি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন অপু বিশ্বাস।

২০০৮ সালে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। প্রায় এক দশক বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে একটি লাইভ অনুষ্ঠানে এসে বিয়ের বিষয়টি প্রকাশ করেন তিনি। সে সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণের কথা বললেও এখন জানিয়েছেন, সেটি বাস্তব ছিল না।

অপু বিশ্বাস বলেন, “বিয়ের পরও আমি হিন্দু ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি। সেটা করেছি কিছু বাস্তব কারণের জন্য. ক্যারিয়ার বাঁচানোর জন্য, সংসার রক্ষার জন্য এবং সবচেয়ে বড় কথা, সন্তানের জন্য।”

তিনি আরও বলেন, “আমি শাকিবকে বিয়ে করেছি, সে একজন মুসলিম। সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। অনেক অনুষ্ঠানে আমরা একে অপরকে বিয়ের বিষয়ে প্রশ্ন করতাম, অথচ তখন আমরা স্বামী-স্ত্রী ছিলাম। রাতে বাসায় গিয়ে রান্না করতাম, খাওয়াতাম।”

ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “মানুষ ধরে নিয়েছিল, যেহেতু আমি একজন মুসলিমকে বিয়ে করেছি, আমিও হয়তো ইসলাম গ্রহণ করেছি। কিন্তু বাস্তবে আমি কখনোই ধর্মান্তরিত হইনি। ইসলাম ধর্ম গ্রহণের যে আনুষ্ঠানিকতা থাকে, তার কিছুই হয়নি। ফলে আমি হিন্দু ধর্মাবলম্বী হিসেবেই আছি।”

সম্প্রতি কোরবানির মাংস কাটার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই আলোচনার মধ্যেই নিজের ধর্মীয় পরিচয় ও অতীতের নানা গুঞ্জন নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।



বিষয়:



Top