সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ দলে সৌম্য, স্কোয়াড এখন ১৬ সদস্যের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম

সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর মাত্র একদিন আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের ঘোষিত স্কোয়াডে না থাকা অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড এখন ১৬ সদস্যের।

আগামী ১৭ জুন মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। এর আগে বিসিবি সৌম্যকে স্কোয়াডে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ঘোষিত দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছিল। মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ দেওয়া হয়। এছাড়া চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি পেসার রিপন মন্ডল ও তানজিম হাসান সাকিবের।

বিসিবি সূত্রে জানা গেছে, কুঁচকির চোটে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন রিপন মন্ডল। অন্যদিকে পিঠের চোটের কারণে তানজিম সাকিবও খেলতে পারছেন না। তাদের পরিবর্তে দলে ফিরেছেন তাসকিন আহমেদ এবং সুযোগ পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

এদিকে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। সাবেক সহ-অধিনায়ক সাইফ হাসান এ দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হৃদয়কে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। প্রথম ম্যাচ ১৭ জুন, দ্বিতীয় ম্যাচ ১৯ জুন এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২১ জুন অনুষ্ঠিত হবে।

লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।



বিষয়:



Top