ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করলো জার্মানি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:১৭ পিএম
বিশ্বকাপের মঞ্চে আবারও ৭-১ গোলের জয়! ২০১৪ সালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল জার্মানি। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই স্মৃতি ফিরিয়ে এনে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জুলিয়ান ন্যাগলসম্যানের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। ৬ মিনিটেই এনমেচার গোলে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে কুরাসাও, যা ছিল তাদের বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
সমতায় ফিরলেও বেশিক্ষণ টিকতে পারেনি কুরাসাও। ৩৮ মিনিটে নিকো শ্লটারবেকের হেডে আবারও এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।
বিরতির পর আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জার্মানি। ৪৮ মিনিটে জামাল মুসিয়ালা, ৬৮ মিনিটে নাথানিয়েল ব্রাউন এবং ৭৮ মিনিটে ডেনিজ উনদাভ গোল করে ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে কুরাসাওয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন কাই হাভার্টজ।
শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে জার্মানি। এই জয়ের মাধ্যমে ২০১৪ সালের ব্রাজিল-জার্মানি ম্যাচের ঐতিহাসিক স্মৃতিও যেন নতুন করে ফিরে এলো ফুটবলপ্রেমীদের মাঝে।
বিষয়: ফুটবল বিশ্বকাপ ২০২৬
