মার্তিনেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা, অনুশীলনে ব্যথায় কাতর বিশ্বকাপজয়ী গোলরক্ষক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৬:৫৪ এএম

সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। হাতে চোট কাটিয়ে ফের গ্লাভস পরে অনুশীলনে ফিরলেও দ্বিতীয় দিনেই ব্যথায় অস্বস্তিতে পড়তে দেখা গেছে তাকে।

শনিবার অনুশীলনের শুরুতে দুই হাতেই গ্লাভস পরে মাঠে নামেন মার্তিনেজ। কিছুক্ষণ বল ধরার অনুশীলন করার পরই ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। পরে তিনি গ্লাভস খুলে সতীর্থ গোলরক্ষকদের সঙ্গে ‘ফুট টেনিস’ খেলায় অংশ নেন।

তবে অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার সময় উপস্থিত সাংবাদিকদের ‘থাম্বস আপ’ দেখিয়ে সব ঠিক আছে বলে আশ্বস্ত করেন আর্জেন্টাইন এই তারকা গোলরক্ষক।

উল্লেখ্য, ক্লাব ফুটবলে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় ডান হাতের অনামিকা আঙুলে চোট পান মার্তিনেজ। ওই আঙুলের হাড় ভেঙে যাওয়ার পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো গ্লাভস পরে অনুশীলনে ফিরেছিলেন তিনি।

অনুশীলনের প্রথম দিকে দুই হাত দিয়েই বল গ্রিপ করতে দেখা গেলেও কিছুক্ষণ পর আবার ব্যথা অনুভব করেন মার্তিনেজ। চোট পাওয়া আঙুলে বিশেষ ব্যান্ডেজও ব্যবহার করতে দেখা গেছে তাকে।

আগামী ১৭ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৭টায়। তার আগে মার্তিনেজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছে আর্জেন্টিনা শিবির।





Top