বিশ্বকাপ গ্যালারিতে বর্ণবাদের শিকার দক্ষিণ কোরিয়ান ইনফ্লুয়েন্সার ইউন সু-জিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৪:০৫ এএম

সংগৃহীত

বিশ্বকাপ মানেই ফুটবল, উৎসব আর বিশ্বব্যাপী সম্প্রীতির মিলনমেলা। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে সেই আনন্দের মাঝেই ঘটল এক দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে গ্যালারিতে বর্ণবাদের শিকার হয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ইউন সু-জিন, যিনি অনলাইনে ‘ইনো ক্যাট’ নামে পরিচিত।

দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ চলাকালীন নিজের মোবাইলে গ্যালারির দৃশ্য ধারণ করছিলেন সু-জিন। সেই সময় তার পেছনে বসে থাকা এক স্থানীয় মেক্সিকান সমর্থক ক্যামেরার দিকে তাকিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি দুই আঙুল দিয়ে চোখ টেনে ধরে বর্ণবাদী ইশারা করেন।

ঘটনার পর ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে ইউন সু-জিন লেখেন,
“বিশ্বকাপ দেখতে এত দূর ভ্রমণ করে মেক্সিকোতে এসেছি। আমি কি বেশি সংবেদনশীল? আপনি বিশ্বকাপ দেখতে এসে বর্ণবাদের মুখোমুখি হন—এটা সত্যিই হতাশাজনক।”

ভিডিওটি প্রকাশের পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মাত্র ২৩ ঘণ্টার মধ্যেই ভিডিওটি প্রায় ১ কোটি ৫০ লাখের বেশি ভিউ পায়। পাশাপাশি ২ লাখ ২৮ হাজারেরও বেশি লাইক এবং প্রায় ৩০ হাজার মন্তব্য আসে।

ঘটনার পর ফুটবলপ্রেমীরা ওই সমর্থকের আচরণের তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।





Top