পেলের পরেই মোরা, ভাঙলেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম
বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়েছেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অংশ নিয়ে তিনি মেক্সিকোর হয়ে বিশ্বকাপে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড নিজের করে নিয়েছেন।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর পরিবর্তে মাঠে নামেন মোরা। মাত্র ১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হওয়া এই ফুটবলার ভেঙে দেন প্রায় ৯৬ বছর ধরে অক্ষুণ্ন থাকা একটি রেকর্ড।
এর আগে মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ড ছিল মানুয়েল রোসাসের দখলে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি। দীর্ঘ ৯৬ বছর পর সেই রেকর্ড নতুন করে লিখলেন মোরা।
শুধু মেক্সিকো নয়, বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কনিষ্ঠ ফুটবলারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন এই তরুণ। সর্বকনিষ্ঠ ফুটবলারদের তালিকায় বর্তমানে তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। তার ঠিক ওপরে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে ১৭ বছর ২৩৫ দিন বয়সে অভিষেক করেছিলেন। অর্থাৎ পেলের চেয়ে মাত্র পাঁচ দিন বেশি বয়সে বিশ্বকাপ অভিষেক হয়েছে মোরার।
বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড এখনো নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইডের দখলে। ১৯৮২ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমে তিনি এই কীর্তি গড়েছিলেন। এছাড়া তালিকায় রয়েছেন ক্যামেরুনের সামুয়েল এতো, নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি এবং ক্যামেরুনের সালোমন ওলেম্বে।
উল্লেখ্য, বয়সভিত্তিক রেকর্ড গড়া গিলবার্তো মোরার জন্য নতুন কোনো ঘটনা নয়। গত বছর ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করে তিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছিলেন।
এনএফ৭১/একে
বিষয়: ফুটবল বিশ্বকাপ ২০২৬
