বিশ্বকাপের আগে দাপুটে জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে আইসল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথম গোলটি আসে আর্জেন্টিনার পক্ষ থেকেই। ম্যাচের শুরুর দিকে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক ভলি শটে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার বারকো। নিচু হয়ে আসা তার জোরালো শটটি আইসল্যান্ডের গোলপোস্টের ভেতরের কোণ দিয়ে জালে জড়িয়ে যায়। গোলরক্ষক সর্বোচ্চ চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।

দৃষ্টিনন্দন এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলের পর উচ্ছ্বাসে মেতে ওঠে দলের সাইডবেঞ্চ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মাঠে নামেন দলের মহাতারকা লিওনেল মেসি। মাঠে নামার মাত্র পাঁচ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

পেনাল্টির আগে দারুণ এক আক্রমণ সাজিয়েছিলেন মেসি। তার নিখুঁত পাসে গোলের সুযোগ পান লাউতারো মার্তিনেজ। তবে আইসল্যান্ডের গোলরক্ষকের ফাউলের কারণে গোলটি না হলেও পেনাল্টি পায় আর্জেন্টিনা, যা থেকে গোল করেন মেসি।

ম্যাচের শেষ দিকে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা। তার গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বিশ্বকাপের আগে এই জয় দলটির আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

 

এনএফ৭১/ওতু





Top