বিশ্বকাপের আগে বড় ধাক্কা, ছিটকে গেলেন ব্রাজিলের ওয়েসলি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ০৮:৪০ পিএম
বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তরুণ রক্ষণভাগের খেলোয়াড় ওয়েসলি। তার পরিবর্তে বিশ্বকাপের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মধ্যমাঠের খেলোয়াড় এদেরসনকে।
মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে চোট পান ওয়েসলি। ম্যাচের শুরুতেই উরুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে চিকিৎসা পরীক্ষায় তার বাঁ উরুর পেশিতে গুরুতর চোট ধরা পড়ে।
এর ফলে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যায় ২২ বছর বয়সী এই ফুটবলারের। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল সংস্থা ওয়েসলির চোটের বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করে জানানো হয়েছে, তার পরিবর্তে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন এদেরসন।
২৬ বছর বয়সী এদেরসন বর্তমানে ইতালির ক্লাব আতালান্তার হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ গত বছরের মার্চে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন এই মধ্যমাঠের খেলোয়াড়।
ওয়েসলির চোটে হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ওয়েসলি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে। তবে এদেরসনের অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগে দলে এই পরিবর্তন ব্রাজিল শিবিরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়: ফুটবল বিশ্বকাপ ২০২৬
