মশার কামড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু, বিরল ভাইরাস নিয়ে আতঙ্ক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:৫১ পিএম
চট্টগ্রামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যুর পর মশাবাহিত বিরল রোগ জাপানিজ এনসেফালাইটিস নিয়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের ধারণা, উপসর্গ অনুযায়ী তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
চিকিৎসকরা জানিয়েছেন, কিউলেক্স মশার মাধ্যমে ছড়ানো এই ভাইরাসটি বুনো শুকর ও জলচর পাখি থেকে সংক্রমিত হয়ে থাকে। পরে সংক্রমিত মশা মানুষের শরীরে কামড় দিলে ভাইরাসটি মস্তিষ্কে আক্রমণ করতে পারে এবং দ্রুত জটিল অবস্থার সৃষ্টি করে, এমনকি রোগী কোমায় চলে যেতে পারেন।
সম্প্রতি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকিয়া সুলতানা জুথির মৃত্যু ঘিরে এই রোগটি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের একাংশের ধারণা, এটি জাপানিজ এনসেফালাইটিস হতে পারে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের এক অধ্যাপক জানান, জ্বরের সঙ্গে মাথাব্যথা, খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন এবং দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।
গবেষণা তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৫ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের শরীরে এনসেফালাইটিস শনাক্ত হয়। তবে গত আড়াই থেকে তিন বছরে তিনজনের ক্ষেত্রে জাপানিজ এনসেফালাইটিস সন্দেহ করা হয়েছে।
চিকিৎসকদের মতে, এই রোগটি অত্যন্ত বিরল এবং শনাক্ত করাও কঠিন। পর্যাপ্ত পরীক্ষাগার সুবিধা না থাকায় বিষয়টি নিয়ে কাজ করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র জানিয়েছেন, বিষয়টি যেহেতু মশাবাহিত এবং বিরল ধরনের রোগ, তাই এ নিয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞ দল ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।
চিকিৎসকরা সবাইকে সতর্ক করে বলেছেন, জ্বরের সঙ্গে খিঁচুনি বা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এনএফ৭১/একে
বিষয়:
