২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:৩০ এএম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৬ শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ শিশু।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত দেড় মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে প্রাণ গেছে ৬৮ শিশুর। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৫৬ শিশু।
এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২৪ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৫১ হাজার ৫৬৭ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে হাম ও হাম সন্দেহে মারা গেছে ১৮৬ শিশু। আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৩২ শিশু।
গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
