হাসপাতাল নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল: শিশির মনির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল হয়নি বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, কর্তৃপক্ষ হাসপাতালের লাইসেন্স বাতিল করেনি, বরং প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক চিঠির মাধ্যমে আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী ডা. সেখ মহিউদ্দীনকে বিষয়টি জানান।

তবে আজ শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নথির ছবি প্রকাশ করে বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিল হয়নি। বরং প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, দুটি পৃথক লাইসেন্স রয়েছে। একটি হাসপাতাল পরিচালনার জন্য এবং অন্যটি প্যাথলজি সেন্টার পরিচালনার জন্য। হাসপাতালের লাইসেন্সটি বহাল রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি প্রশ্ন তোলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্তটি অবহেলা ছিল নাকি পরিকল্পিত সিদ্ধান্ত, তা জনগণই বিচার করবে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোররাতে মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রসব পরবর্তী ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। তারা সবাই এক থেকে চার দিনের নবজাতক ছিল।

ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনএফ৭১/একে



বিষয়:



Top