খুলনায় আদালতের সামনে ধর্ষককে গুলির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৩:১৬ পিএম
খুলনা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে শিশু ধর্ষণ মামলার দুই আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়।
শুক্রবার খুলনা আদালত চত্বরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনও ভিডিওটিকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, শুক্রবার খুলনায় এমন কোনো ঘটনা ঘটেনি। আদালতের পাশের মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেছেন বলেও জানান। তার ভাষ্য, কিছু সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পাতা ও চ্যানেল দর্শক বাড়ানোর উদ্দেশ্যে পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।
তিনি আরও বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সংবাদ প্রচারের আগে তার বক্তব্য নিলেও পরে নিশ্চিত তথ্য ছাড়াই সংবাদ প্রকাশ করেছে, যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
তবে বৃহস্পতিবার নগরের লবণচরা থানার পুটিমারী বাজার এলাকায় গোলাগুলির একটি ঘটনা ঘটে। জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা যুবদল নেতা মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে বাঁচাতে গিয়ে জাহিদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন।
আহত মাসুম বিল্লাহ পুটিমারী বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবদল নেতা। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন জানান, পূর্বপরিচিত বিষয় নিয়ে তর্কের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারী পারভেজ পিস্তল দিয়ে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় জাহিদও গুলিবিদ্ধ হন।
ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটলে অবশ্যই পুলিশ জানতে পারত। বৃহস্পতিবারের ঘটনার পর নগরীতে আর কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এদিকে অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত ২০২৫ সালের ৩০ নভেম্বরের। ওইদিন আদালত চত্বরে দুই ব্যক্তির ওপর হামলার সময় ধারণ করা ভিডিওটিই নতুন ঘটনার দাবি করে প্রচার করা হচ্ছে।
তৎকালীন ঘটনায় আদালতে হাজিরা শেষে রাজেন ওরফে রাজন ও হাসিব আদালতের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে বসেছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে এসে একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে ধারালো অস্ত্র দিয়েও হামলা করা হয়। এতে রাজন ঘটনাস্থলেই নিহত হন এবং হাসিব গুরুতর আহত হন।
এছাড়া ভিডিওতে দায়িত্বরত পুলিশ সদস্যদের পুরোনো পোশাক দেখা যাওয়ায় সেটি পুরোনো ভিডিও বলেই নিশ্চিত হওয়া গেছে। কারণ ২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে নতুন পোশাক ব্যবহার শুরু করে বাংলাদেশ পুলিশ।
এনএফ৭১/একে
বিষয়:
