কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয়ে ৭.৫% কর নয়, আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী: জুয়েল রানা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ১২:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হচ্ছে না বলে জানিয়েছেন জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা। এ বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাতে কর সংক্রান্ত বিষয়টি উত্থাপন করেন জুয়েল রানা। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭.৫ শতাংশ কর আরোপের গুঞ্জন নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান।

জুয়েল রানা বলেন, বিষয়টি শোনার পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, তরুণদের আয়ের ওপর এমন কোনো কর আরোপ করা হবে না।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জুয়েল রানা বলেন, “আমি চাই তরুণরা ডিজিটাল মার্কেটিংয়ে এগিয়ে যাক, বৈদেশিক বিভিন্ন কাজে যুক্ত হোক। তারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে। ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ওপর এমন কর আরোপ হতে পারে না।”

তিনি আরও বলেন, “ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা দেশের টাকা বিদেশে পাচার করেন না, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসেন। তাই তাদের প্রতি সরকারের আরও সহানুভূতিশীল হওয়া উচিত।”

জুয়েল রানার দাবি অনুযায়ী, তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে প্রধানমন্ত্রী বলেন, “কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের জন্য এ ধরনের কোনো সিদ্ধান্ত হবে না। আপনারা নিশ্চিন্তে কাজ করে যান।”

তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন বা বক্তব্য প্রকাশ করা হয়নি।



বিষয়:



Top