তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০২:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন কি না এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি পরিষ্কার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

আসিফ নজরুল লেখেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং প্রায় দুই মাস ক্লাসও করেন। সে সময় আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র হিসেবে বিষয়টি তিনি জানতেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও জানান, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বর্তমানে দেশের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব উল্লেখযোগ্য।

পোস্টের শেষদিকে আসিফ নজরুল বলেন, সে সময় দেশে হুসেইন মুহম্মদ এরশাদ–এর শাসন চলছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে এরশাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তাজনিত কারণে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়।

এনএফ৭১/একে



বিষয়:



Top