'রাগ করলা' ডায়ালগে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তির আসল পরিচয় ফাঁস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৪:২০ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি সংলাপ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। “রাগ করলা, কথা ঠিক না বেঠিক” এই একটি বাক্যকে ঘিরে ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তৈরি হয়েছে অসংখ্য ভিডিও। অনেকেই ধারণা করেছিলেন, এটি কোনো বাস্তব কবিরাজের বক্তব্য। তবে বাস্তবে বিষয়টি ছিল সম্পূর্ণ অভিনয়।
অনুসন্ধানে জানা গেছে, কবিরাজের ছদ্মবেশে ভাইরাল হওয়া ব্যক্তির নাম ঈমান আলী। তিনি কোনো কবিরাজ নন, বরং একজন পেশাদার অভিনেতা। প্রায় দুই দশক আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ঈমান আলীর। সময়ের সঙ্গে সঙ্গে সেই আগ্রহই তার পেশায় পরিণত হয়। বর্তমানে তিনি বিভিন্ন ভিডিও নির্মাতা ও নাট্যদলের সঙ্গে যুক্ত থেকে সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করছেন।
সম্প্রতি একটি ভিডিওতে তিনি কবিরাজের চরিত্রে অভিনয় করেন। সেই চরিত্রে তার অভিব্যক্তি, চোখের ইশারা এবং বিশেষ ভঙ্গিতে বলা ওই সংলাপ মুহূর্তেই দর্শকদের দৃষ্টি কাড়ে। পরে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। সাধারণ দর্শক থেকে শুরু করে অনেক নির্মাতাও এখন সেই সংলাপ ব্যবহার করে নতুন নতুন ভিডিও তৈরি করছেন।
ঈমান আলী জানিয়েছেন, তার লক্ষ্য ছিল অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হওয়া। তিনি বলেন, তিনি কোনো বাস্তব কবিরাজ নন এবং ভিডিওটি সম্পূর্ণ অভিনয়ের অংশ। এটি কেবল বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। তিনি আরও জানান, যতদিন বেঁচে থাকবেন, মানুষের জন্য বিনোদনমূলক কাজ চালিয়ে যেতে চান।
এদিকে তার এই হঠাৎ জনপ্রিয়তা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও আনন্দ ও আলোচনার সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই একটি সংলাপ তাকে দেশজুড়ে পরিচিত করে তুলেছে।
এনএফ৭১/একে
বিষয়:
