অবহেলায় বেহাল বহু স্কুলের অবকাঠামো, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ জুবাইদা রহমানের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

সংগৃহীত

দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থার চিত্র তুলে ধরে এসব সমস্যার জন্য দীর্ঘদিনের অবহেলাকে দায়ী করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রোববার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রোজেক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জুবাইদা রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় বহু বিদ্যালয়ের অবকাঠামো আজও জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারপরও শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং শিক্ষক-শিক্ষিকারা প্রতিকূলতার মধ্যেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের এই অধ্যবসায়ই ভবিষ্যতে দেশের জন্য সাফল্য বয়ে আনবে।

তিনি দিনাজপুরের বিরল উপজেলার টেকনা মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জের দক্ষিণ কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজারের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারির আয়ুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বেহাল অবকাঠামোর চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে তিনি বলেন, অনেক বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়ার উপক্রম হলেও সেখানে শিক্ষার্থীরা নিয়মিত পাঠ গ্রহণ করছে। তাদের এই সংগ্রাম ও মেধা একদিন অবশ্যই সাফল্যের দ্বার খুলে দেবে।

শিক্ষার পাশাপাশি জীবনবোধ ও মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, দেশের বিভিন্ন জরাজীর্ণ বিদ্যালয়ের দেয়ালে লেখা অনুপ্রেরণামূলক বাণীগুলো শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে উৎসাহ জোগায়। তিনি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার একটি বিদ্যালয়ের দেয়ালে লেখা ‘মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হলে সে শিখবে’—এই বাণীর বিশেষ তাৎপর্যের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।



বিষয়:



Top