স্থানীয়দের উপস্থিতিতে রক্ষা, না হলে ঘটনা অন্যরকম হতে পারত: ক্রিকেটার নাঈম হাসান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৬:৩৭ এএম

সংগৃহীত

চট্টগ্রামে পুলিশের হাতে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় মুখ খুলেছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। তিনি দাবি করেছেন, ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাঈম বলেন, “ওই সময় প্রায় ১০০ থেকে ১২০ জন স্থানীয় মানুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন। তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তারা না থাকলে ঘটনাটা অন্যরকম হতে পারত।”

নাঈমের অভিযোগ, শুক্রবার রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নগরীর লালখান বাজার এলাকায় তার বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পুলিশ সদস্যরা তাকে মারধর করেন এবং জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিনি বলেন, “পুলিশ আমাকে সিএনজিতে তুলতে চাইছিল। আমি ভেবেছিলাম চলে যাওয়ার জন্য বলছে। কিন্তু সিএনজিতে ওঠার পর একজন পুলিশ সদস্য আমার গলা চেপে ধরে। তখন আমি খুব ভয় পেয়ে যাই।”

নাঈম আরও জানান, পুলিশ চাইলে নিয়ম মেনে তার ব্যাগ তল্লাশি করতে পারত। কিন্তু তা না করে তাকে হেনস্তা করা হয়েছে। পরে তাকে খুলশী থানায় নেওয়া হয়, যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বিসিবি পরিচালক ইসরাফিল খসরুর হস্তক্ষেপে পরিস্থিতি পরিবর্তন হয়।

ঘটনার বিচার চেয়ে নাঈম বলেন, “আমি চাই আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি হোক। আজ যদি আমি প্রতিবাদ না করি, কাল সাধারণ মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটলেও কেউ জানবে না। এই পদক্ষেপ ভবিষ্যতে অনেক মানুষের উপকারে আসতে পারে।”

এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এসআই মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:



Top