ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ৩ জন প্রত্যাহার, মামলা দায়ের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১০:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উঠতি অফস্পিনার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজার উড়ালসড়কের মুখে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, খুলশী থানার একটি পুলিশ দল অভিযান চালানোর সময় নাঈম হাসানকে বহনকারী অটোরিকশা থামায়। এরপর তার সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, পরিচয় দেওয়ার পরও নাঈম হাসানকে জোরপূর্বক অটোরিকশা থেকে নামানো হয় এবং তাকে মারধর করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় খুলশী থানার এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

নিজের অভিজ্ঞতার বর্ণনায় নাঈম হাসান জানান, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে তিনি চট্টগ্রামে ফিরছিলেন। বিমানবন্দর থেকে অটোরিকশায় বাসায় যাওয়ার পথে লালখান বাজার এলাকায় তার গাড়ি থামানো হয়। তিনি জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দিলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে দাবি করেন।

নাঈমের অভিযোগ, অভিযানে থাকা এক উপপরিদর্শক তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এছাড়া পুলিশের সঙ্গে থাকা এক ব্যক্তি পাইপ দিয়ে তাকে মারধর করেন। তিনি বারবার নিজের পরিচয় দিলেও তাকে চুপ থাকতে বলা হয় বলে অভিযোগ করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে তাকে থানায় নেওয়া হয় এবং সেখানেও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত হন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর নাঈম হাসানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এদিকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, চোরাচালানসংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। চট্টগ্রাম মহানগর পুলিশও জানিয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর নাঈম হাসানের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন। পরে তার ভাই মামলা দায়ের করেন। মামলায় সংশ্লিষ্ট তিনজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় নাঈম হাসান সুষ্ঠু বিচার দাবি করে বলেন, এমন ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ঘটনাটি নিয়ে দেশের ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top