ডিবি পরিচয়ে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৯:২১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান চট্টগ্রামে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর লালখানবাজার উড়ালসড়কের মুখে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত নাঈম হাসান চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করছেন। নিজের পরিচয় দেওয়ার পরও তাকে মারধরের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন এই ক্রিকেটার।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত নাঈম হাসান বলেন, ঢাকা থেকে খেলা শেষে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছে তিনি ভাড়ায়চালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে লালখানবাজার উড়ালসড়কের নিচে পুলিশ তার অটোরিকশা থামিয়ে চালকের কাগজপত্র পরীক্ষা করে। এ সময় তিনি নিজেই নিজের ব্যাগ তল্লাশি করার অনুরোধ করেন। কিন্তু হঠাৎ একজন তার গলা চেপে ধরে একটি গাড়িতে উঠতে বলেন। তিনি প্রতিবাদ করলে কয়েকজন মিলে তাকে লাঠি ও পাইপ দিয়ে মারধর শুরু করে বলে অভিযোগ করেন।

নাঈমের দাবি, ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের মধ্যে দুইজন পুলিশ সদস্য এবং একজন নিজেকে গোয়েন্দা পুলিশের সহযোগী বা কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। উপস্থিত অনেক মানুষ তার ক্রিকেটার পরিচয় নিশ্চিত করলেও মারধর বন্ধ হয়নি। পরে তাকে খুলশি থানায় নেওয়া হয়।

থানায় পৌঁছে মোবাইল ফোন হাতে পেয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। তামিম ইকবাল তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ প্রশাসনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, নাঈম হাসান অবশ্যই ন্যায়বিচার পাবেন। ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ সহ্য করা হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, একটি চোরাচালানসংক্রান্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। তবে পুরো ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না এবং মারধরের অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top