যুক্তরাজ্যে বাংলাদেশ নারী দল পেল বর্ণাঢ্য সংবর্ধনা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৭:১১ পিএম
বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বার্মিংহামে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। আগামী রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার বার্মিংহামের বাদশা প্যালেসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পতাকা ও করতালির মধ্য দিয়ে নারী ক্রিকেট দলের সদস্যদের স্বাগত জানানো হয়। বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং স্থানীয় প্রবাসী ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ বলেন, ক্রিকেট বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বার্মিংহামের ঐতিহ্যবাহী মাঠে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ায় প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ বিরাজ করছে।
তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অগ্রযাত্রা এবং সরকারের বিভিন্ন ক্রীড়াকেন্দ্রিক উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এ ধরনের উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, বিশ্বকাপ শুরুর আগে এমন আন্তরিক সংবর্ধনা দলের সদস্যদের অনুপ্রাণিত করেছে। তিনি জানান, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছেন এবং বিশ্বকাপে দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দলের ব্যবস্থাপক বুলবুল বাসার, প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মনসুর, গণমাধ্যম ব্যবস্থাপক এস এম গোলাম ফাইয়াজ, চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ব্যাটিং প্রশিক্ষক নাসির উদ্দিন ফারুক, গতিময় বোলিং প্রশিক্ষক আলমগীর কবির, স্পিন বোলিং প্রশিক্ষক সজীব দত্ত, শারীরিক পুনর্বাসন বিশেষজ্ঞ সুরাইয়া আক্তার, বিশ্লেষক মো. রাশেদ ইকবাল এবং মো. হুমায়ুন কবিরসহ দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে নারী ক্রিকেট দলের সব খেলোয়াড়ের নাম সংবলিত বিশেষ সম্মাননা স্মারক দলের হাতে তুলে দেন সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ। প্রবাসী বাংলাদেশি ও ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এনএফ৭১/একে
বিষয়:
