বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলের দুঃসংবাদ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৬:০৭ এএম
হেক্সা জয়ের মিশন শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকতে পারেন দলের অন্যতম তারকা নেইমার জুনিয়র।
ফরাসি ফুটবল সাময়িকী ফুটমেরকাতো জানিয়েছে, এখনো দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি নেইমার। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া প্রত্যাশার চেয়ে ধীরগতির হওয়ায় তাকে নিয়ে উদ্বেগ বাড়ছে ব্রাজিল শিবিরে।
গত ১৭ মে সান্তোসের হয়ে ঘরোয়া লিগের এক ম্যাচে ডান পায়ের কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তখন তিন সপ্তাহের বিশ্রামের কথা বলা হলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি শতভাগ ফিটনেস ফিরে পাননি।
বর্তমানে নিউ জার্সিতে ব্রাজিল দলের ক্যাম্প চললেও নেইমারকে মূল দলের সঙ্গে অনুশীলনে দেখা যাচ্ছে না। তিনি আলাদাভাবে জিম ও সাইক্লিংয়ের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন কিছু জটিলতা দেখা দেওয়ায় মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে।
বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে উল্লেখ করে আগেই আবেগঘন বার্তা দিয়েছিলেন নেইমার। তাই টুর্নামেন্টের শুরুতেই তার অনুপস্থিতি ব্রাজিল সমর্থকদের জন্য হতাশার খবর।
তবে আশার কথা হলো, দলের মেডিকেল টিম মনে করছে প্রথম ম্যাচ মিস করলেও ১৯ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ অথবা ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে ফিরতে পারেন এই তারকা ফরোয়ার্ড।
এখন ব্রাজিলিয়ান সমর্থকদের অপেক্ষা, কবে আবার সবুজ-হলুদ জার্সিতে মাঠ মাতাতে ফিরবেন তাদের ‘ম্যাজিশিয়ান’ নেইমার।
এনএফ৭১/ওতু
বিষয়:
