বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন কোথায় জানুন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০১:৫১ এএম

সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো একসঙ্গে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। আর এই ইতিহাসগড়া আসরে তিন দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বিশ্বকাপের মূল পর্দা উঠছে তিন ভিন্ন শহরে—মেক্সিকো সিটি, টরন্টো এবং লস অ্যাঞ্জেলেস। তবে তিন জায়গায় অনুষ্ঠান একসঙ্গে নয়, বরং ভিন্ন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সংগীত, সংস্কৃতি ও ফুটবলের মিলনে তৈরি হয়েছে বৈশ্বিক উৎসবের আবহ।

মেক্সিকো সিটিতে প্রথম উদ্বোধন

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সময় রাত ১১টায়। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হওয়া এই আয়োজনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো।

এই অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী কাগজের শিল্প ‘পাপেল পিকাডো’ তুলে ধরা হবে। অনুষ্ঠানের সময়সীমা প্রায় ১৬ থেকে ১৭ মিনিট।

এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই (লেটস গো)’ পরিবেশন করবেন কলম্বিয়ার তারকা শাকিরা এবং নাইজেরিয়ান গায়ক বার্না বয়।

কানাডায় দ্বিতীয় আয়োজন

কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে স্বাগতিক কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের আগে।

টরন্টো স্টেডিয়ামে শুরু হবে একটি বিশেষ কাউন্টডাউন, যেখানে কানাডার গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে। অনুষ্ঠানটির স্থায়িত্ব প্রায় ১৩ মিনিট।

এখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া ক্যারা, এলিয়ানা, নোরা ফাতেহি, বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্সসহ আরও অনেকে।

যুক্তরাষ্ট্রে জমকালো সমাপনী উদ্বোধন

তৃতীয় ও শেষ উদ্বোধনী অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া এই আয়োজনে পরে সকাল ৭টায় মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে।

এই অনুষ্ঠানে থাকবে বৃহৎ পরিসরের ভিজ্যুয়াল উপস্থাপনা, গল্পনির্ভর প্রদর্শনী এবং আধুনিক সংগীতের মিশ্রণ। মঞ্চ মাতাবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিতা, লিসা, রেমা এবং টাইলার মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

বিশ্বকাপ নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা

১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ডায়ানা রসের স্মরণীয় পারফরম্যান্স এবং ২০১০ সালের বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ পারফরম্যান্সের পর থেকেই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আলাদা আকর্ষণ তৈরি হয়েছে।

এবারও সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তিন দেশে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকাপকে দিয়েছে ভিন্ন মাত্রা, যা ফুটবলের সঙ্গে সংগীত ও সংস্কৃতির এক বৈশ্বিক উৎসবে রূপ নিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top