বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১২:১২ এএম

সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আবারও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বসুন্ধরা কিংস। ২০২৫-২৬ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জিতে ঘরোয়া ট্রেবল সম্পন্ন করেছে দলটি।

ক্লাবটির এই অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে বসুন্ধরা কিংসের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “বাংলাদেশ ফুটবল লিগের ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে অভিনন্দন।”

বিশ্ব ফুটবলের শীর্ষ ব্যক্তিত্বের এমন স্বীকৃতি বসুন্ধরা কিংসের জন্য এক গৌরবময় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ক্লাবটির খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের জন্য এটি যেমন সম্মানের, তেমনি ভবিষ্যতের পথচলায় বড় ধরনের অনুপ্রেরণাও।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে গত কয়েক বছর ধরে ধারাবাহিক সাফল্যের নজির গড়ে চলেছে বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত ক্লাবটি মোট ছয়বার লিগ শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে টানা পাঁচটি শিরোপা জয়। পাশাপাশি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ফেডারেশন কাপেও পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি, যার তিনটি এসেছে টানা মৌসুমে।

মাঠের পারফরম্যান্স, পেশাদার ব্যবস্থাপনা এবং ধারাবাহিক সাফল্যের কারণে বসুন্ধরা কিংস দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছে। ফিফা সভাপতির অভিনন্দন বার্তা ক্লাবটির অর্জনের তালিকায় নতুন মাত্রা যোগ করল এবং বাংলাদেশের ফুটবলের জন্যও এটি একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top