ষষ্ঠ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন গিলের্মো ওচোয়া, গড়তে চলেছেন নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১২:১১ এএম
মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিলের্মো ওচোয়া ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়তে চলেছেন। আসন্ন বিশ্বকাপে মাঠে নামতে পারলে তিনি হবেন প্রথম মেক্সিকান ফুটবলার, যিনি ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণের কৃতিত্ব অর্জন করবেন।
রোববার মেক্সিকোর প্রধান প্রশিক্ষক হাভিয়ের আগিরে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন। সেখানে ৪০ বছর বয়সী ওচোয়ার নাম রাখা হয়েছে। এর আগে ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপের মাধ্যমে তার বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তার উপস্থিতি কমে গেলেও অভিজ্ঞতার মূল্যায়ন করে তাকে দলে রেখেছেন আগিরে। এবার তিনি অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে দল সাজিয়েছেন।
দলের অভিজ্ঞ মুখদের মধ্যে রয়েছেন অধিনায়ক এডসন আলভারেজ ও আক্রমণভাগের খেলোয়াড় রাউল হিমেনেজ। পাশাপাশি তরুণ প্রতিভা হিসেবে সুযোগ পেয়েছেন গুয়াদালাহারার ফরোয়ার্ড আরমান্দো গনজালেজ এবং কিশোর মাঝমাঠের খেলোয়াড় গিলবার্তো মোরা।
মাত্র ১৭ বছর বয়সী মোরা বিশ্বকাপে খেলতে পারলে মেক্সিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বকাপ ফুটবলার হওয়ার কীর্তি গড়বেন। এছাড়া যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা দ্বৈত নাগরিক ওবেদ ভার্গাস ও ব্রায়ান গুতিয়েরেজও জায়গা পেয়েছেন দলে।
দলে আরও আছেন স্পেনে জন্ম নেওয়া মাঝমাঠের খেলোয়াড় আলভারো ফিদালগো এবং কলম্বিয়ায় জন্ম নেওয়া আক্রমণভাগের খেলোয়াড় হুলিয়ান কিনিওনেস। মেক্সিকোর নাগরিকত্ব গ্রহণের পর দুজনই জাতীয় দলের নিয়মিত সদস্যে পরিণত হয়েছেন।
এর আগে ১৯৮৬ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করেছিল মেক্সিকো। সে আসরে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। এবার যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপের আয়োজন করছে দেশটি।
প্রধান প্রশিক্ষক হাভিয়ের আগিরে এর আগে ২০০২ ও ২০১০ বিশ্বকাপেও মেক্সিকোকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার তৃতীয়বারের মতো তিনি বিশ্বকাপে দল পরিচালনার দায়িত্ব পালন করবেন।
বিশ্বকাপের আগে বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো। এরপর ১১ জুন এস্তাদিও আজতেকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।
এনএফ৭১/একে
বিষয়:
